আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা (Marcelo Carlos Cesa) সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহায়তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসার বিষয়টি সম্মান জানিয়ে তা বিশ্বব্যাপী প্রচারের আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি বিশেষ সমর্থনকে বিশ্বে তুলে ধরার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ





