প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১০:২০ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (২৮ জুন ২০২৬) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’-এর মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি-এর শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ


এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হবে।


প্রধানমন্ত্রীর আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ আয়োজনকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।