ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া রেলপথ ভবিষ্যতে ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইনের উচ্চতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত পানিতে ডুবে থাকা রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধানের শীষ হাতে নিয়ে সম্মান করা সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

টানা বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের ষোলোশহর থেকে জানালিহাট সেকশনের প্রায় চার কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে।

রেল প্রতিমন্ত্রী বলেন, রেললাইন ৫ ফুট উঁচু করা হলে ভবিষ্যতে ৩ ফুট পর্যন্ত পানি বাড়লেও ট্রেন চলাচলে সমস্যা হবে না। তিনি জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে কোথায় কতটুকু পানি জমছে, সেই তথ্যও সংরক্ষণ করা হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।

আরও পড়ুন: বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক

তিনি বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। অনেকের মতে, গত ৪৫ বছরের মধ্যে এত বৃষ্টি হয়নি। এ অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে রেললাইন এমনভাবে উন্নয়ন করা হবে, যাতে ভারী বর্ষণেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।

রেলপথ নির্মাণে কোনো ত্রুটি নেই দাবি করে হাবিবুর রশিদ বলেন, অতীতের তুলনায় বর্তমানে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়েছে। তাই কোথায় কতটুকু পানি জমছে এবং রেললাইন কতটুকু ডুবে যাচ্ছে, তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানির মধ্যে ট্রেন চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যেসব যাত্রী টিকিট কেটে ভ্রমণ করতে পারেননি, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।