এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে এসব পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, গৌরনদীতে প্রথম ধাপে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর যে বাজেট কার্যকর ছিল, সেটি আগের সরকারের প্রণীত হওয়ায় সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আগামী এক বছরের বাজেটের আওতায় সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। সে হিসাবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এই সুবিধা পাবে।

আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সভায় বক্তব্য শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হন।