দল-মতের ঊর্ধ্বে উঠে ঢাকাকে বাসযোগ্য করার আহ্বান মির্জা ফখরুলের
রাজধানী ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
মন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াতে ইসলামীর পরিচয়ে নয়, বরং সচেতন নাগরিক হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান এখনও নিচের সারিতে। এই পরিস্থিতি একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। সিটি করপোরেশনের কার্যকর ক্ষমতা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাবও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ
মির্জা ফখরুলের মতে, রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকায় বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি ও জলাবদ্ধতার মতো সমস্যা বারবার দেখা দেয়। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশনকে আরও কার্যকর কর্তৃত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি রাজধানীর নদী ও পানিসংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, একসময় বুড়িগঙ্গা ও তুরাগের পানি ব্যবহারযোগ্য থাকলেও বর্তমানে দূষণের কারণে নদীগুলো প্রায় মৃতপ্রায়। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তরও আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এ অবস্থায় মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদী এবং রাজধানীর প্রাকৃতিক খালগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ করে পরিবর্তন আনা সম্ভব নয়; নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের মাধ্যমে পরিবারে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সবাইকে নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, গত কয়েক দশকে অনেক সেমিনার ও কর্মশালা হলেও এখন বাস্তব কাজের সময়। ঢাকাকে আবারও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





