ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীরা: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে চায়। তবে বিএনপি চায় না, ‘জুলাই’ বা ‘জুলাই সনদ’ কেবল ক্ষমতায় যাওয়ার একটি রাজনৈতিক উপকরণে পরিণত হোক।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

মির্জা ফখরুল বলেন, “আমি মনে করি, বিরোধী দল শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে ব্যবহার করতে চায়। আমরা চাই না, জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত হোক।”

বিএনপিকে নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির লাখো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

আরও পড়ুন: আবু সাঈদের আত্মত্যাগের পর যে ঐক্য গড়ে উঠেছিল, ভাঙল কীভাবে?

তিনি বলেন, “বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন। এসব বিষয় আমাদের বারবার বলতে হয়, কারণ অনেকে এগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চান।”

গণতন্ত্রের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটি একটি লিবারেল ডেমোক্রেসি (উদার গণতন্ত্র) প্রতিষ্ঠার পক্ষে। তিনি প্রশ্ন রেখে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতে সমস্যা কোথায়? বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি এবং পরে ফ্যাসিবাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। এখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে কাজ করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে।

অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, দৈনিক যুগান্তর-এর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, আবুল কাশেম হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী এবং কবি নাহিদ নজরুল।