যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতিকে সুশিক্ষিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনের পথে ট্রল, সমালোচনা বা অপপ্রচার এলেও সরকার তার অবস্থান থেকে সরে আসবে না।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন এবং পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এক শিক্ষার্থী তার সঙ্গে কথা বলে পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিল। তবে জাতীয় পর্যায়ের পরীক্ষা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয় এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
আরও পড়ুন: বন্যায় প্রাণহানি বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলার ৫৬ উপজেলা
তিনি জানান, পরে কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আবহাওয়া বিবেচনায় পরীক্ষা সূচি আরও উপযোগী করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কষ্ট তিনি উপলব্ধি করেছেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে কেন্দ্র করে একটি নেতিবাচক বর্ণনা তৈরি করা হয়েছে।
তার ভাষায়, “যারা আমাকে নিয়ে ট্রল করেছে, তাদের অনেকেই পরীক্ষার্থী ছিল না। একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যত ট্রল ও অপবাদই আসুক না কেন, আমাদের দায়িত্ব পালন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতেও দায়িত্ব পালনকালে অন্যায়কে প্রশ্রয় দেননি, এখনও দেবেন না।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ জনশক্তি। এই জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়ন জরুরি।
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে এসে পড়াশোনা করতে আগ্রহী হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকে জেলার শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টিকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আহ্বান জানান।
বর্তমানে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।





