দেশে থামছে না হামের প্রাদুর্ভাব, আরও ৪ শিশুর মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সতর্ক বিএনপি, টেনশনে জামায়াতে ইসলামী

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭টি শিশুর প্রাণহানি ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৮৭৮ জন।

আরও পড়ুন: শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা তুলে ধরলেন মহাপরিচালক

এ সময়ে নতুন করে ১ হাজার ২১৮টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮।

এদের মধ্যে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৯৮ হাজার ৪১১ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।