ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

আরও পড়ুন: পদত্যাগের পর বঙ্গভবনের চারপাশে উৎসুক জনতার ভিড়

তিনি বলেন, “আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত থাকে। একইভাবে ডেপুটি স্পিকারের শপথেও উল্লেখ রয়েছে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।”

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়েছে যে, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণেই মো. সাহাবুদ্দিন এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতির পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান বিভ্রান্তি ও ধোঁয়াশার অবসান ঘটবে।

আরও পড়ুন: বিদায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা স্পিকারের

সংবিধানের বিধান ও প্রশাসনিক ধারাবাহিকতার বিষয়ে তিনি বলেন, দেশের রাষ্ট্রপতির পদ কখনোই শূন্য থাকে না। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্থিতিশীলতার সুযোগ নেই।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।