সচিবালয় ঘেরাওয়ে পুলিশের বাধা, মুখোমুখি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের কথিত ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন জোটের নেতাকর্মীরা। পথে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে অংশ নেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
এর আগে একই দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
অবস্থান কর্মসূচিতে বক্তব্য ও উপস্থিতি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জোটের নেতারা জ্বালানি সংকট, বিদ্যুৎ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।





