শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নির্দেশনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইনে যাচাই করা যায়—এমন জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে। এ ধরনের ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকদের দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষাসনদের পাশাপাশি সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তির সময় প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিলাদি গ্রহণে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে। একই সঙ্গে এনআইডির কোনো আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) সিদ্ধান্তের কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তাদের অধীন কর্মকর্তাদের নিষ্পত্তি করা আবেদন নিয়মিত তদারক করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এ ক্ষেত্রে দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করতে হবে। এসব আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা পরীক্ষা করে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। পরে প্রতিবেদনটি পরিচালক (অপারেশন্স)-এর অভ্যন্তরীণ অ্যাকাউন্টে পাঠাতে হবে।

তবে কিছু নির্দিষ্ট আবেদনের ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমোদন বহাল রাখা হয়েছে। পরিপত্র অনুযায়ী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখের সঙ্গে নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন শুধু মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া কোনো নাগরিকের জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ রাখা হবে না বলেও পরিপত্রে স্পষ্ট করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।