আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সামনে রেখে আজ রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কিশোরগঞ্জে তার প্রথম সফর। দিনব্যাপী সফরে তিনি জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক বিতরণ করা হবে।

এবার জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই কিশোরগঞ্জ থেকে এবারের জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আরও রয়েছে শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দুপুর আড়াইটায় সেখানে এ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।