দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জিংয়ে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিংয়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনস্বার্থ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: সংসদে আরও চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে কার্যবিধির ৭১ নম্বর ধারার অধীনে সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে নোটিশটি উত্থাপন করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইকসহ ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান রয়েছে। এসব যান চার্জ দেওয়ার জন্য সারাদেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। এর বিপরীতে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সালাহউদ্দিন আহমেদ বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে দ্রুত এবং অনেকাংশে অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহনের সংখ্যা বাড়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশের ওপর চাপ তৈরি হয়েছে।

সরকারি হিসাবের বরাত দিয়ে তিনি জানান, দেশের ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চার্জ দিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, তা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি হতে পারে।

একই সময়ে বিপুলসংখ্যক যানবাহন চার্জ দেওয়ার কারণে স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, অনুমোদিত বা আবাসিক বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার এবং ট্রান্সফরমার ও বিতরণ লাইনের ওপর অতিরিক্ত চাপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সমস্যা তৈরি করছে।