আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।
সহকারী প্রেস সচিব বলেন, সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার
পরিবেশ দূষণ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান শাহরিয়ার পামির।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: আইন অনুযায়ী যোগ্যরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।





