৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: লংমার্চ থেকে বড় আন্দোলনের প্রস্তুতি জামায়াত-এনসিপির?
তিনি বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসসহ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কর্মকাণ্ড ও অন্যায় করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।





