বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হয়েছে। এ সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।

ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ ঋণের সুদ আদায় শুরু করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

সার্কুলারে বলা হয়, এর আগে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার ও সার্কুলার লেটারের মাধ্যমে ঘোষিত ‘বৃহৎ শিল্প’ শব্দযুগলের পরিবর্তে ‘শিল্প’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

এতে আরো বলা হয়, স্কিমের আওতায় ব্যাংক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। অর্থাৎ, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত প্রাক-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ হারে সুদ প্রদান করবে। প্রাক-অর্থায়ন গ্রহণের ছয় মাস পর থেকে সুদ প্রদান শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদ পরিশোধের আওতায় থাকবে। গ্রাহক পর্যায়ে সুদের হার ও অন্যান্য চার্জের ক্ষেত্রে স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নেওয়া যাবে। এ ছাড়া ঋণ বিতরণের ছয় মাস পর থেকে গ্রাহকের কাছ থেকে সুদ আদায় শুরু করতে হবে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, প্রাক-অর্থায়ন বাবদ ব্যাংক কর্তৃক গৃহীত ঋণের বিপরীতে গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

এতে আরো বলা হয়, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের মেয়াদকালীন অর্থাৎ তিন বছরের মধ্যে যেকোনো সময়ে প্রাক-অর্থায়নের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।