৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক পরিচয়ে বৈষম্য করা হয়নি বলে দাবি সালাহউদ্দিন আহমদের; সংসদ সদস্য মিষ্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৬৬৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে উত্তীর্ণের সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও সঙ্গে বৈষম্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কয়েক ধাপে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

একজন প্রার্থীর আত্মহত্যার হুমকির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করা হয় বলেও জানান তিনি। প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির সুপারিশের পরও বাদ থাকা ওই ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

এদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিষ্টির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হকার উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নাগরিকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাউকে বেকার করে দেওয়ার উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে। যেখানেই অপরাধ সংঘটিত হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।