দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের জরুরি পরামর্শ, চালু থাকবে ৯৯৯ সেবা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৪ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য নিরাপত্তাবিষয়ক পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। গুজব এড়িয়ে চলা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এসব পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের সিদ্ধান্ত, মিশ্র প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে তথ্যের যথার্থতা যাচাই না করে কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

এ ছাড়া মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়েছে পুলিশ। স্বেচ্ছাসেবকদের সহজে শনাক্ত করার জন্য পৃথক পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

পূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্গাপূজা চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে বাংলাদেশ পুলিশ কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ নম্বর জানিয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম:

০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি):

০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম:

০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।

এসআরবি কন্ট্রোল রুম:

০১৭৭৭৭২০০৯।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম:

০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা চালু থাকা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশের এসব পরামর্শ মেনে চলার পাশাপাশি গুজব প্রতিরোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নিরাপত্তাসচেতনতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।