অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী
বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজিত ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সরকারের গত নয় মাসের কার্যক্রম তুলে ধরে মো. আসাদুজ্জামান দাবি করেন, এ সময়ে সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে এসেছে। সঠিক আইনের পথ অনুসরণ করেই দেশ পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।
সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা অক্ষুণ্ন রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান।





