লন্ডন থেকে দেশের পথে মির্জা ফখরুল
লন্ডন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আজ তিনি দেশে এসে পৌঁছাবেন। বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর টার্মিনালে বিএনপি নেতারা মহাসচিবকে বিদায় জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন।
আরও পড়ুন: স্বৈরাচারী শাসনের পথে সরকার, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত জিএম কাদেরের
এদিকে, দেশে ফিরে এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।
আরও পড়ুন: মির্জা ফখরুল: ‘শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না’
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। পরে সেখানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন মির্জা ফখরুল।





