বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলে যোগ দেওয়ার পর রেজা কিবরিয়া জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ইতোমধ্যে ২২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে হবিগঞ্জ-১ আসনটি খালি রাখা হয়েছে, যা রেজা কিবরিয়ার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরও পড়ুন: তারেক রহমানের ছাড়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
এর আগে ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করে গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে মিলে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও বিভক্তি দেখা দিলে তিনি ‘আমজনতার দল’ নামে নতুন দল গঠন করে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সংরক্ষিত মহিলা আসনে নতুন সমীকরণ, আলোচনায় আসমা আজিজ





