ব্যস্ত কর্মসূচি শেষে নিজ বাসভবনে ফিরলেন তারেক রহমান
ব্যস্ততম একদিনের কর্মসূচি শেষে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসভবন থেকে বের হন।
সকালের কর্মসূচিতে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন তারেক রহমান। এরপর একই স্থানে সদ্য সমাহিত শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
এনআইডি কার্যক্রম শেষে তিনি নির্বাচন কমিশন কার্যালয় ত্যাগ করে বনানীর উদ্দেশে রওনা হন। সেখানে বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে গিয়ে তার শ্বশুর, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সব কর্মসূচি শেষ করে দুপুরের পর নিজ বাসভবনে ফিরে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।





