বিদেশি নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে: ড এম এ কাইয়ুম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও ভানুয়াতুতে সম্পত্তি থাকার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন এই বিএনপি নেতা।

রোববার দেওয়া এক বিবৃতিতে ড. এম এ কাইয়ুম বলেন, তাকে ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং সেখানে বিনিয়োগ বা সম্পত্তির মালিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। তিনি জানান, ভানুয়াতুতে তিনি কখনো যাননি এবং কোনো বিদেশি বা দ্বৈত নাগরিকত্ব গ্রহণের আগ্রহও তার কখনো ছিল না।

আরও পড়ুন: আসিফ মাহমুদ উন্মুক্ত করলেন নিজের ও পরিবারের ব্যাংক হিসাব

তিনি বলেন, ২০১১ সালের শুরু থেকে তৎকালীন সরকারের সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে তাকে একাধিকবার গুমের চেষ্টা করা হয়। জীবননাশের আশঙ্কায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং পরে মালয়েশিয়ায় আশ্রয় নেন।

ড. কাইয়ুম আরও জানান, রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ায় তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর থেকে শরণার্থী কার্ড লাভ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর চেষ্টা হলে মালয়েশিয়ায় একটি শরণার্থী ক্যাম্পে প্রায় এক মাস অবস্থান করতে হয়। ইউএনএইচসিআরের রিফিউজি কার্ড থাকার কারণেই মালয়েশিয়ার হাই কোর্ট তাকে ডিপোর্টেশনের হাত থেকে রক্ষা করে।

আরও পড়ুন: আসিফ মাহমুদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন

তার অভিযোগ, সেই সময়কার ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপন করে বর্তমানে নির্বাচনী রাজনীতিতে অপপ্রচার চালানো হচ্ছে।

ড. এম এ কাইয়ুম বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কথিত পাসপোর্ট ও অন্যান্য নথি প্রসঙ্গে তিনি বলেন, সেগুলো সম্পূর্ণ জাল। এসব ডকুমেন্টে থাকা স্বাক্ষর তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে কোনোভাবেই মেলে না।

নির্বাচনী প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে কখনো তাকে ভানুয়াতুর বড় বিনিয়োগকারী, কখনো সেখানে সম্পত্তির মালিক হিসেবে উপস্থাপন করছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।

ড. এম এ কাইয়ুম বলেন, তিনি সবসময় সত্য যাচাইয়ের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেন। নির্বাচিত হলে রাজনীতিতে মিথ্যাচার ও অপপ্রচারের সংস্কৃতি বন্ধে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।