প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে “প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন” শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: যমুনা ছাড়ার সময় ড. ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, বিচারিক প্রক্রিয়ায় সকলের সহযোগিতা থাকবে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় এবং দেশের অগ্রগতিকে কেউ থামাতে না পারে। তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশে নিউজপেপারের ওপর আক্রমণ করা যেতে পারে এমন মেসেজ গেছে। তবে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হবে যে, বাংলাদেশে অগ্রগতি ও প্রগতিশীল সমাজকে কেউ থামাতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারে গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছিল। জনগণের ভোটে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন গণমাধ্যমকে সমর্থন দেওয়া হবে। প্রদর্শনীটিকে তিনি একটি জীবন্ত জাদুঘরের মতো উল্লেখ করেন, যেখানে ধ্বংসস্তূপ থেকে পুনর্জাগরণের প্রচেষ্টা দেখা গেছে।
আরও পড়ুন: বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় তিনি স্থানীয় কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তারা যেন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে আবার স্বাধীন গণমাধ্যম হিসেবে কাজ করতে পারে।
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যেকোনো পত্রিকার নিজস্ব আদর্শগত মত থাকতে পারে এবং সেটার সমালোচনা করা যেতে পারে। তবে আগুন ধরিয়ে দেওয়া এবং মানুষের প্রাণহানি ঘটাতে পারা হামলার পুনরাবৃত্তি এদেশে হলে সাধারণ নাগরিকদের এগিয়ে আসা উচিত।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপও পরিদর্শন করেন।





