পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। মাদকসহ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রতিশ্রুতি দেব না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করব। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।
আরও পড়ুন: জামায়াতের ৭৭টি সাংগঠনিক কমিটি ঘোষণা, ৫১ জেলার আমির দায়িত্বে পুরোনোরা
শুক্রবার বিকেলে আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনি মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন। রাতে তিনি ঢাবি জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নেবেন এবং রমনা কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন।





