শিরক ও মুনাফেকির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই জনগণ নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে অনুষ্ঠিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী জনসভায় সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কয়েক দফা ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “এদের এই মিথ্যাচার, এই মুনাফেকি ও শিরকির কারণে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন—এসব বন্ধ করার জন্য। আমরা যদি এ কথা বলি, তারা কোথায় যাবে? তাই আসুন, এই শিরকি, মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।”

আরও পড়ুন: রাষ্ট্রপতির তিন ‘অপরাধের’ অভিযোগে ভাষণ বর্জন: জামায়াত আমির

তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেউ বিদেশে অবস্থান করতে পারেন বা প্রয়োজনে অন্য দেশে চলে যেতে পারেন; কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলেছেন, এই দেশের মাটিই তাঁর একমাত্র ঠিকানা।

তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সঙ্গে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা জীবন বাজি রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

তিনি বলেন, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে হবে। মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করাই গণতন্ত্রের মূল শক্তি। গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনসভা ও ভোটাধিকার বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে গুম, খুন, মামলা ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, এর নেতিবাচক প্রভাব পড়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে, পাশাপাশি বেড়েছে বেকারত্ব।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

নরসিংদীতে তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাবেশে উপস্থিতির সংখ্যা বাড়ে।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা।