মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি

শাহজালাল বিমানবন্দর থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে।

আরও পড়ুন: দুই আসনের উপ-নির্বাচন: প্রার্থীরা পাচ্ছেন ২৩ দিনের প্রচারণার সময়

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়।

এছাড়া ৭ মার্চ (রাত ১২টার পর) আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন: রাজধানীসহ দেশে পেট্রোল পাম্পে ভিড়, অনেক স্থানে মিলছে না তেল

সব মিলিয়ে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।