স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে দিয়েছে সরকারি সংসদীয় দল।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এর আগে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ নেতা সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: অর্থ পাচারে জড়িত শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার নির্দেশ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এবং আগামীকাল বিষয়টি জানা যাবে। সংসদ উপনেতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্যদের আচরণ, সংসদের কার্যক্রম এবং অধিবেশন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান
চিফ হুইপ বলেন, সংসদে যেহেতু বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই প্রথমে খালি চেয়ার রেখে অধিবেশন শুরু হবে। এরপর সংসদ নেতা সভার সভাপতিত্বের জন্য জ্যেষ্ঠ কোনো নেতার নাম প্রস্তাব করবেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করবেন। সেই সদস্যের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে এ প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে আইনমন্ত্রী উত্থাপন করবেন। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সব দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো বাতিল (ল্যাপস) হবে।
বৈঠক শেষে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, সেসব ব্যাংককে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ধরনের অর্থ দেশে ফিরিয়ে আনতে সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে এসব অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
চিফ হুইপ আরও জানান, সংসদের প্রথম দিনের বৈঠকে কার্য উপদেষ্টা কমিটি, প্রিভিলেজ কমিটি এবং হাউস কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর সেদিনের অধিবেশন মুলতবি করা হবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীও মনোনীত করা হবে।
এছাড়া সংসদে শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, জুলাইয়ের যোদ্ধা এবং দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের স্মরণ করা হবে।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এটি সংবিধানে অন্তর্ভুক্ত না থাকায় তারা শপথ নেননি। ভবিষ্যতে সংবিধানে যুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লিখিত বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে নতুন অধিবেশন শুরু হবে।
চিফ হুইপ বলেন, সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।





