ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন: মির্জা আব্বাস

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪০ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তিনি আশা করবেন যে নির্বাচন চলাকালীন কেউ আইন ভঙ্গ করে অন্যকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।

তিনি বলেন, “মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।”

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

মির্জা আব্বাস বলেন, “এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার করা হচ্ছে। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। ওরা বুঝতে পারছে না আমি জীবনে বহু নির্বাচন ফেস করেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে, আমার সন্তানের মতো।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ণ প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এরপর তিনি পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকালে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রীন প্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেবেন।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

সাবেকমন্ত্রী মির্জা আব্বাস বলেন, “আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, ১২ ফেব্রুয়ারির ভোটে তার প্রতিফলন ঘটবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে, তবে পরবর্তীতে কী হবে জানি না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।”