নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার (প্রচারণার ১৫তম দিন) পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কোনো প্রকার উস্কানিতে পা না দেওয়ার কঠোর নির্দেশ দেন।

আমিনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই তাদের মূল লক্ষ্য। এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামী জনসমর্থন না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইতিমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এবং শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে বলে জানান তিনি।

সকাল থেকেই পল্লবীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেক স্থানে স্থানীয় বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের নানা সমস্যা ও অভিযোগ তার কাছে তুলে ধরেন। আমিনুল হক মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

গণসংযোগের সময় তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।