চরমোনাই পীর বরিশালের দুই আসনেই হারলেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও বরিশাল-৬—উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন। একই সঙ্গে বরিশালের ছয়টি আসনেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ আসনে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

আরও পড়ুন: চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি—তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮ হাজার ৮২৩ ভোট।

এ ফলাফলের মাধ্যমে বরিশাল অঞ্চলে বিএনপির প্রভাব আরও সুদৃঢ় হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

আরও পড়ুন: নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম