আপিল বিভাগে সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আইনি বাধা নেই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এ আদেশের ফলে আইভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এরপর আপিল বিভাগের চেম্বার আদালত গত ৫ মার্চ হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আরও পাঁচ মামলায় তাকে জামিন দেন।
যেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ফতুল্লা থানার বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
এদিকে পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও সেসব মামলাতেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।





