আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান
অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের কেউ জামায়াতের সঙ্গে একটি শব্দও আলোচনা করেননি।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি-এ মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
তিস্তা মহাপরিকল্পা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটি তিস্তার বিনিময়ে হতে পারে না। তিস্তা তার ন্যায্য হিস্যা পেতেই হবে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”
তিনি জানান, সংসদের ভেতরেও তিনি একই অবস্থানের কথা তুলে ধরেছেন এবং এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট।
আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেন, দলটি গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং সব নির্বাচনে অংশগ্রহণ করে এসেছে। এবারও স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশ নেবে জামায়াত।
তবে সাম্প্রতিক উপ-নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচনের চিত্র দেশের মানুষ দেখেছে। সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।” একই সঙ্গে জনগণকে নিজেদের ভোটাধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করেছে। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত।
এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন প্রশাসনিক নিয়োগ নিয়েও সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাওয়ার সময় কেন দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।”





