অভিজ্ঞ নেতৃত্বে আস্থা রেখে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন স্তরে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে রেখে সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৪ জুন ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যুবদলকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলমুখী সংগঠনে পরিণত করার লক্ষ্যেই নতুন এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নতুন কমিটিতে রেজাউল কবীর (পল) জ্যেষ্ঠ সহসভাপতি এবং মো. কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহসাধারণ সম্পাদক, ১২ জন সহসাংগঠনিক সম্পাদক এবং পাঁচজন আইনবিষয়ক সম্পাদক রাখা হয়েছে।
ঘোষিত কমিটির মাধ্যমে বিএনপি যুব নেতৃত্বে অভিজ্ঞতার প্রতি গুরুত্ব দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম বর্তমানে পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরবে অবস্থান করছেন। নতুন দায়িত্বে আস্থা রাখায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি গণমাধ্যমকে বলেন, সংগঠনের প্রতি দায়িত্ববোধ, অভিজ্ঞতা এবং নেতৃত্বের ধারাবাহিকতাই আগামী দিনে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভি কাশিমপুর থেকে কারামুক্ত
তিনি বলেন, “পুরোনোদের অভিজ্ঞতার পাশাপাশি আস্থা ও বিশ্বাসের একটি বিষয় রয়েছে। আমরা সেই আস্থার প্রতিদান দিতে চাই। দেশের যুবসমাজের প্রত্যাশা ও গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে যুবদল সক্রিয় ভূমিকা পালন করবে।”
নতুন কমিটিতে জিয়াউর রহমান, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম (দুলাল), শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ (দিপু), আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), রফিক আহমেদ (ডলার), সাইদ ইকবাল মাহমুদ (টিটু), মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান, জাকির হোসেন (উজ্জ্বল), এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ (মুন্না), তরিকুল ইসলাম (টিটু), লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম (সুমন), আজিজুর রহমান আকন্দ এবং নুরুল ইসলাম সোহেলকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক। এছাড়া মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম (সোহাগ), আবু আতিক আল হাসান, শাহ নাসির উদ্দিন (রুমন), কফিল উদ্দিন ভূঁইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম (মিলন), এজমল হোসেন (পাইলট), ইখতিয়ার রহমান (কবির), রবিউল ইসলাম (নয়ন), সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান (দীপক), খন্দকার আল আশরাফ (মামুন), আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান (বাবু), আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ (হিরো), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদেও বিস্তৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে রোকনুজ্জামান রোকন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, পল্লী উন্নয়ন, বন ও পরিবেশ, ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, মৎস্য ও পশুপালন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহসভাপতি পদমর্যাদা এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজকে আরও সংগঠিত ও সক্রিয় করার ক্ষেত্রে যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে লক্ষ্য সামনে রেখেই অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার হবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি, রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে আবদুল মোনায়েম সভাপতি, রেজাউল কবীর জ্যেষ্ঠ সহসভাপতি, নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রায় দুই বছর পর সেই আংশিক কমিটির সম্প্রসারণ ঘটিয়ে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হলো।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন কমিটির মাধ্যমে বিএনপি যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও জোরদার করতে চায়। দলটির প্রত্যাশা, নবগঠিত নেতৃত্ব দেশের যুবসমাজকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।





