ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক তৎপরতার অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অধীন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

চিঠিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

তবে সম্প্রতি তিনি এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত অভিযোগপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।