বিগত সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘ ১৭ বছর বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকারও বিগত সরকারের দমন-পীড়নের পথ অনুসরণ করছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার এবং বলপ্রয়োগের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের শাসনব্যবস্থারই পুনরাবৃত্তি।
তিনি বলেন, “সাড়ে ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ খেটে খাওয়া মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান ক্ষমতাসীনদের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।”
আরও পড়ুন: নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির
জামায়াত আমির আরও বলেন, “রক্তভেজা গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশার পরিবর্তে আগের সরকারের দমন-পীড়নের একই ধরনের আচরণ এখন দেখা যাচ্ছে।”
তিনি ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে বলেন, সে সময় বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা ক্ষমতা চিরস্থায়ী করার উদ্দেশ্যে সে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন হতে মাত্র কয়েক দিন সময় লেগেছিল। এটি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন।”





