বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিএনপি গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও বর্তমানে দেশের সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে মানবাধিকার কমিশনকে দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় সংসদে এমন কিছু আইন পাস করা হচ্ছে, যা গণতান্ত্রিক ও নাগরিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে। যে গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের জন্য আন্দোলন করা হয়েছিল, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মিরাজ শেখের গুমের ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার এ ঘটনা স্বীকার করছে না। তাঁর অভিযোগ, দেশে মানুষের মতপ্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে এবং দমন-পীড়ন শুরু হয়েছে।

তিনি গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নাগরিক অধিকার নিশ্চিত করে সাইবার আইন প্রণয়নেরও দাবি জানান।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগগুলোও তদন্ত করা যেতে পারে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার দুদককে পুনর্গঠন করে বিরোধী দল ও এনসিপিকে লক্ষ্যবস্তু করছে।

বক্তব্যের একপর্যায়ে নাহিদ ইসলাম বলেন, তাঁর ভাষায়, গণতন্ত্র ও মানবাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ কোনো ধরনের কর্তৃত্ববাদ মেনে নেবে না এবং প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।