শেষ হলো বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হেদায়েতি বয়ানের পর রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। 

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

মোনাজাত শেষ হয় পৌনে ১২টার দিকে। মোনাজাত শেষে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ।

এর আগে বিশ্ব ইজতেমার শেষ দিন রোববার ফজরের পরে হিন্দিতে বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা মাওলানা আব্দুল্লাহ। তার বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি

এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাড়িতে, হেঁটে, ট্রেনে ইজতেমায় হাজির হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ। কিন্তু ইজতেমা ময়দান আগে থেকেই পরিপূর্ণ থাকায় তারা আশেপাশের সড়ক, ফুটপাথ ও বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিতে থাকেন।