সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে ড্র, সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও। সেমিতে মুখোমুখি হবে নেপালের।

‘বি গ্রুপে’র প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় পাকিস্তান। তাতে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায় আসর থেকে। এই গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ও ভারত। তাতে দুই ম্যাচ শেষে উভয়ের পয়েন্ট সংখ্যা সমান ৪ হলেও ১ গোলে এগিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয় ভারত। সেমিতে তারা মুখোমুখি হবে ‘এ গ্রুপ’ রানার্সআপ ভুটানের।

আরও পড়ুন: আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়

আগামী ১ এপ্রিল মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশ ও নেপাল এবং দ্বিতীয় সেমিতে ভারত ও ভুটান মুখোমুখি হবে।

শনিবার ( ২৮ মার্চ) ভারতের বিপক্ষে শুরুর দিকেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে রোনান সুলিভান ও আব্দুল রিয়াদ ফাহিমের নৈপুণ্যে ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে লাল-সবুজের দল। আক্রমণ-প্রতিআক্রমণে চলতে থাকা ম্যাচের ১৭ মিনিটে লিড পায় ভারত। কর্নার থেকে আসা বল হেডে বাংলাদেশ জালে পাঠান বিশাল। ১-০তে এগিয়ে যায় ভারত।

আরও পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর বাধা নেই

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ একের পর এক চেষ্টা চালিয়ে যায়। তবে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগকরা সময় পর্যন্ত। টানা আক্রমণে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কর্নার আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। রোনান সুলিভানের নেয়া কর্নার কিক থেকে দৃষ্টিনন্দন শটে গোল আদায় করে বাংলাদেশকে সমতায় ফেরান ফাহিম। পরে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধে দুদলই সমান তালে আক্রমণে মাতে। তবে কোনো দলই গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় লড়াই।