সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ-কে সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুন: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে মোসলেহ উদ্দিন সভাপতি ও শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মোসলেহ উদ্দিন আহমদ তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন UNAMID-এ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আরও পড়ুন: মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত
অনুষ্ঠানে বক্তব্যে নবাগত সিআইডি প্রধান বলেন, সিআইডিকে আরও পেশাদার, গতিশীল ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। তিনি সততা, দায়িত্ববোধ ও দলগত কাজের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টার ওপর।”
তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ করেন।
অন্যদিকে বিদায়ী প্রধান ছিবগাত উল্লাহ তার বক্তব্যে সিআইডিকে একটি দক্ষ ও সমন্বিত টিম হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তার দায়িত্বকালে মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ সংক্রান্ত জটিল মামলাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পেন্ডিং মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রমে ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রাইম সিন ইউনিট স্থাপন এবং প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।





