বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতাদের বহিষ্কারের দাবি
শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা ও ষড়যন্ত্রে জড়িত নেতাদের দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
২২ মার্চ রাতে শেরপুর শহরের শিংপাড়াস্থ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. হযরত আলীর বাসভবনের মিলনায়তনে শেরপুর সদর উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সঠিক পথে না ফিরলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন: সরকারকে ডা. শফিকুর রহমান
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী, ড্যাবের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএসএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন প্রমুখ।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে ঈদে উপচে পড়া ভিড়, দুই দিনে ১৫ হাজার দর্শনার্থী
সভায় তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বিগত নির্বাচনে যেসব নেতা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ সময় বিএনপি নেতারা বিগত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয়ের কারণ তুলে ধরেন। নেতাকর্মীরা দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। একই সঙ্গে পূর্বের সকল ভুলত্রুটি চিহ্নিত করে তা সংশোধন এবং যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান বক্তা ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “আমি হারিনি, আমাকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে আপনাদের থেকে দূরে সরিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। আমার কথা একটাই—আমি শেরপুরবাসীর সঙ্গেই থাকব। তবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের আমরা আর প্রশ্রয় দেব না।”





