ভারতের প্রতি ভালোবাসার কথা জানালেন টেনিস কিংবদন্তি জোকোভিচ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সার্বিয়ায় ক্রিকেট খুব বেশি জনপ্রিয় না হলেও, দেশটির টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ নিয়মিত এই খেলা অনুসরণ করেন। আর এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম।

সোমবার (২০ এপ্রিল) লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, বিরাট কোহলি তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। কোহলির কারণেই তিনি ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

আরও পড়ুন: নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ

জোকোভিচ বলেন, “বিরাট একজন বন্ধু এবং আমি তাকে ভীষণ সম্মান করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছি। আগে এই খেলাটির খবর রাখতাম না, কিন্তু এখন তার জন্যই আগ্রহ তৈরি হয়েছে।”

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা আরও জানান, কোহলির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে ভারতে গেলে কোহলির সঙ্গে সময় কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

তিনি বলেন, “আমি যখন ভারতে যাবো, আশা করি সে আমার সঙ্গে যোগ দেবে। আমরা একসঙ্গে টেনিস ও ক্রিকেট খেলবো, সময়টা উপভোগ করবো।”

ভারতীয় ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জোকোভিচ। তিনি বলেন, ভারতের ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাকে অনুপ্রাণিত করে এবং দেশটির সঙ্গে তার একটি বিশেষ সংযোগ তৈরি হয়েছে।

জোকোভিচ আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতে গিয়ে কোনো একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং সেখানকার দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।