নিরাপত্তা নিশ্চিত হলেই দেশে ফিরতে প্রস্তুত: সাকিব আল হাসান
বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি অবিলম্বে দেশে ফিরতে প্রস্তুত।
সম্প্রতি ভারতের মুম্বাই থেকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান। তবে এজন্য প্রয়োজন স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না করার নিশ্চয়তা।
আরও পড়ুন: শিরোপার দৌড়ে এগিয়ে আর্সেনাল, সামনে ‘তিনটি ফাইনাল’
সাকিব বলেন, “আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব—কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি হয়রানি না করার গ্যারান্টি দেওয়া হয়, তাহলে পরশুই দেশে ফিরতে পারি।”
তিনি আরও জানান, তার ব্যাংক হিসাব স্থগিত থাকায় চেক সংক্রান্ত মামলাগুলোও নিষ্পত্তি করতে পারছেন না।
আরও পড়ুন: সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার একটি প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তিনি রওনা হয়েছিলেন। কিন্তু দুবাই পৌঁছানোর পর তাকে না আসার পরামর্শ দেওয়া হয়, ফলে তিনি ফিরে যেতে বাধ্য হন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ বাংলাদেশের অংশ না নেওয়াকে বড় ভুল বলে মনে করেন সাকিব। তার মতে, এ সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব ছিল এবং বিষয়টি অযথা জটিল করা হয়েছে।
জুলাই আন্দোলনের সময় নিজের নীরবতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সে সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকায় পরিস্থিতির গভীরতা শুরুতে বুঝতে পারেননি। ইন্টারনেট বন্ধ থাকায় আপডেট তথ্যও পাননি বলে দাবি করেন তিনি।
সাবেক এই সংসদ সদস্য জানান, তিনি যে দলে যুক্ত হয়েছেন, সেই দলের প্রতিই অনুগত থাকবেন। নিজের দেশে ফেরায় বাধা সৃষ্টি হওয়াকে তিনি ‘সাজানো পরিস্থিতি’ বলেও উল্লেখ করেন।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম





