তিউনিসিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল জাপান

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দেওয়া জাপান দ্বিতীয় ম্যাচেও দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে এসেছে এশিয়ার দলটি। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

ম্যাচটি ছিল বিশেষ এক মাইলফলকও। বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচে মাঠে নেমে চার গোলের জয় পেয়েছে জাপান। একই সঙ্গে বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়া প্রথম এশিয়ান দলও হয়েছে তারা।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান জাতীয় ফুটবল দল। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে কেইতো নাকামুরার পাস থেকে দাইচি কামাদা গোল করে জাপানকে লিড এনে দেন।

প্রথম গোলের পরও চাপ অব্যাহত রাখে জাপান। একাধিক আক্রমণে গোলের সুযোগ তৈরি করলেও তিউনিসিয়ার গোলরক্ষক তা প্রতিহত করেন। তবে ৩১তম মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন আয়াসে উয়েদা। দুই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় জাপান।

আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারাল পর্তুগাল

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে দলটি। হাইড্রেশন ব্রেকের আগে মাঝমাঠ থেকে আসা নিখুঁত পাসে বল পেয়ে জুনইয়া ইতো গোল করে ব্যবধান ৩-০ করেন।

ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন উয়েদা। ডান প্রান্ত থেকে কাইশু সানোর ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে বড় জয়ের ভিত্তি আরও শক্ত করেন তিনি।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। এই জয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে গিয়ে শেষ বত্রিশে ওঠার আশা আরও জোরালো করেছে দলটি।

অন্যদিকে তিউনিসিয়া জাতীয় ফুটবল দল দুই ম্যাচে মাত্র এক গোল করে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ মিশন শেষ করল। দ্বিতীয় ম্যাচ শেষে নিশ্চিত হয়ে গেছে, কোনোভাবেই তারা গ্রুপের তৃতীয় স্থানেও উঠতে পারবে না।