বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত

ফাইনালের আগে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাউন্ড অব ৩২–এর সব ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর লাইনআপ। শেষ ম্যাচে কলম্বিয়ার জয় নিশ্চিত হওয়ার পর নকআউট পর্বের পূর্ণ সূচিও প্রকাশিত হয়েছে। এবার শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

মায়ামিতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে নকআউটে জায়গা করে নেওয়া মিসরই আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের শেষ ষোলোর মহারণ, পূর্ণাঙ্গ সূচি ও নকআউটে ওঠা ১৬ দল

এবারের বিশ্বকাপে শেষ ৩২ থেকেই দেখা গেছে একের পর এক চমক। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর—এই তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। বিশেষ করে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

আরও পড়ুন: ম্যাচ শেষে মেসির সঙ্গে স্মরণীয় মুহূর্তের কথা জানালেন ভোজিনিয়া, পেলেন উপহার

রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। অন্যদিকে ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত স্পেন ও পর্তুগালের লড়াই। ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব।

শেষ ষোলোর পর একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। বর্তমান সূচি অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই নিজেদের ম্যাচ জিতলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে তাদের দেখা হতে পারে। প্রথম সেমিফাইনাল হবে ১৪ জুলাই ডালাসে, আর ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল।