‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মিজানুর রহমান।
চলতি বছরের জুনে তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও ক্রিকেটারদের বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগের কথা তুলে ধরে মিজানুর রহমান বলেন, খেলোয়াড়দের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিই বোর্ডের অন্যতম প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু তামিম ইকবাল খেলোয়াড় ছিল, আমরা মূলত খেলোয়াড়দের সুবিধাটাই বেশি প্রাধান্য দিচ্ছি এবং খেলোয়াড়দের অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি। যে জায়গাটায় গেলে আমাদের খেলোয়াড়রা যেন উঠে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমরা এটা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’
ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, সম্প্রতি ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের সুবিধার পরিধিও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ২০২৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, ২০২৯ বার্সেলোনায়
তিনি বলেন, আগে বিপিএলে সাতটি দলের মাধ্যমে প্রায় ৭০ জন খেলোয়াড় খেলার সুযোগ পেতেন। এখন ছয়টি দল নিয়ে নতুন কাঠামোয় আয়োজন করা হচ্ছে। প্রতিটি দল ২২ থেকে ২৫ জন খেলোয়াড় নিতে পারবে। এতে প্রায় ১৫০ জন খেলোয়াড় সুবিধা পাবেন বলে জানান তিনি। একই সঙ্গে তাদের পারিশ্রমিকও আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে এবং সাধারণ ম্যাচের তুলনায় বেশি রাখা হয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘সুতরাং আমরা খেলোয়াড়দের জন্য করছি। এবং আমরা খেলোয়াড়দের পাশে আছি। তাই আমি বিশ্বাস করি আমরা ভালো করছি এবং এটা আপনারাই বলবেন। যদি খারাপ করে থাকি, আপনারাই সমালোচনা করবেন। কিন্তু ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং খুব শিগগিরই আপনারা এর ফলাফল দেখতে পাবেন।’
ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে বলেও স্বীকার করেন বিসিবি পরিচালক। তবে পেশাদারিত্বের সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমরা খুব পেশাদারিত্ব নিয়ে এগোচ্ছি। এবং যেহেতু পেশাদারভাবে এগোচ্ছি, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জগুলো অল্প সময়ের মধ্যেই আমরা কাটিয়ে উঠতে পারব।’





