টিকটকসহ চীনা অ্যাপে তথ্য চুরির শঙ্কা
চীনে তৈরি জনপ্রিয় অ্যাপ যেমন—রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা করছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (NSB)। সংস্থাটি জানিয়েছে, এসব অ্যাপ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে এবং তা ব্যবহারকারীর অজান্তে চীনের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এক বিবৃতিতে এনএসবি জানায়, চীনা অ্যাপগুলো অনুমতির সীমা অতিক্রম করে ব্যবহারকারীর অবস্থান, ক্লিপবোর্ড, কন্টাক্ট তালিকা, স্ক্রিনশট ও ইনস্টল করা অন্যান্য অ্যাপের তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য নিয়মিতভাবে চীনে পাঠানো হচ্ছে, যা ব্যবহারকারীর গোপনীয়তার সরাসরি লঙ্ঘন।
আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ
নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণে চীনা অ্যাপগুলোর কার্যক্রমকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে এনএসবি।
এতে দেখা গেছে:
আরও পড়ুন: সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিএসসিপিএলসির সতর্কতা
- রেডনোট: সব ১৫টি সূচকে গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ
- উইবো ও টিকটক: ১৩টি সূচকে অনিয়ম
- উইচ্যাট: ১০টি সূচকে অনিয়ম
- বাইদু ক্লাউড: ৯টি সূচকে অনিয়ম
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীনা আইন অনুযায়ী, চীনের যেকোনো প্রযুক্তি কোম্পানিকে সরকারের অনুরোধে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করতে বাধ্য করা হয়। ফলে এসব অ্যাপ ব্যবহারকারীর তথ্য সরাসরি চীনা সরকারের নজরে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
এনএসবির পক্ষ থেকে তাইওয়ানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
সূত্র: দ্য হ্যাকার নিউজ





