হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৯ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে বড় ধরনের পরিবর্তন। এবার থেকে ফোন নম্বর ছাড়াই ব্যবহারকারীরা একে অপরকে খুঁজে বের করতে এবং বার্তা পাঠাতে পারবেন। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন এই ফিচার বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

নতুন ফিচার ব্যবহারের জন্য প্রতিটি ব্যবহারকারীকে একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা এই ইউজারনেম দিয়ে অন্যকে সার্চ করে সরাসরি চ্যাট শুরু করা যাবে। সেই চ্যাটে ভয়েস মেসেজ, ডকুমেন্ট, মিডিয়া শেয়ারসহ সব সুবিধাই পাওয়া যাবে এবং সবকিছু এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে।

আরও পড়ুন: টিকটকের নতুন এআই টুল উন্মোচন

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মেটা এনেছে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা। ব্যবহারকারীর হাতে থাকবে একটি বিশেষ ‘ইউজারনেম কী’। কেউ ইউজারনেম খুঁজে পেলেও এই কী ছাড়া প্রথম বার্তা পাঠাতে পারবে না। পাশাপাশি স্প্যাম ও অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে হোয়াটসঅ্যাপ নতুন অ্যালগরিদম ব্যবহার করবে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কবে থেকে ফিচারটি সবার জন্য চালু হবে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। যারা চাইবেন না, তারা আগের মতোই ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন।

আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর