টেসলা এখনো এজিআই তৈরি করছে না, আগের দাবির সঙ্গে অসামঞ্জস্য
ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে সাক্ষ্য দিতে গিয়ে টেসলা প্রধান ইলন মাস্ক স্বীকার করেছেন, তার প্রতিষ্ঠান বর্তমানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) তৈরির কাজ করছে না। অথচ সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছিলেন, টেসলা এজিআই তৈরি করবে—যা আদালতে তার অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে।
মাস্ক আদালতে অভিযোগ করেন, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতারা শুরুতে অলাভজনক লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও পরে সেটিকে মুনাফাভিত্তিক কাঠামোয় রূপান্তর করেন। তিনি জানান, মানবকল্যাণে এআই উন্নয়নের উদ্দেশ্য থেকেই তিনি ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তবে সময়ের সঙ্গে প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য নিয়ে তার সন্দেহ তৈরি হয়।
আরও পড়ুন: দু’দিন পর বিরল আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে তিন মহাদেশ থেকে
জিজ্ঞাসাবাদের সময় ওপেনএআইয়ের আইনজীবী উইলিয়াম স্যাভিট মাস্ককে প্রশ্ন করেন তার পূর্বের অবস্থান নিয়ে। এতে উঠে আসে, ২০১৬ সালেই মাস্ক ওপেনএআইকে মুনাফাভিত্তিক করার বিষয়ে আলোচনা করেছিলেন। এমনকি ২০১৭ সালে তিনি এমন একটি পরিকল্পনাও করেন, যেখানে তার সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকত। পরিকল্পনাটি বাস্তবায়িত না হওয়ায় তিনি পরবর্তীতে নিয়মিত অনুদান দেওয়া বন্ধ করেন, যদিও ২০২০ সাল পর্যন্ত অফিস ব্যয় বহন করেন।
মামলায় বিনিয়োগ প্রসঙ্গেও অসামঞ্জস্য দেখা যায়। মাস্ক পূর্বে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের দাবি করলেও বাস্তবে প্রায় ৩৮ মিলিয়ন ডলার প্রদান করেছিলেন। এ বিষয়ে তার বক্তব্য, অর্থের পাশাপাশি তার প্রভাব ও যোগাযোগও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আরও পড়ুন: অনলাইনে পণ্যে নকলের সমাহার!
এদিকে এআই নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাস্ক। তার মতে, করপোরেট কাঠামোয় গেলে এআই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে তিনি স্বীকার করেন, এই ঝুঁকি সব এআই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য।
বিচারক ইভন গনজালেস রজার্স জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে আরও বিস্তারিত আলোচনা হবে। তবে নির্দিষ্ট কিছু বিতর্কে তিনি এই মুহূর্তে যেতে চান না। মাস্ককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ডাকা হবে এবং ওপেনএআইয়ের আরও কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে।





