গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ মার্কিন আদালতের
গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কার্যক্রমে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে প্রতিষ্ঠানটির বিশাল বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। প্রতিযোগীদের জন্য বাজারে আরও সুযোগ তৈরি হয়—এমনভাবে ব্যবসা পরিচালনার নিয়ম পরিবর্তন করতে হবে গুগলকে। বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক লিওনি এম. ব্রিংকেমা এই নির্দেশ দেন। বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে মার্কিন বিচার বিভাগের করা মামলায় এ সিদ্ধান্ত এসেছে।
অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগলের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছে মার্কিন বিচার বিভাগ। এ বিষয়ে দুটি মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে করা একটি মামলায় গুগলের অনলাইন অনুসন্ধান ব্যবসা নিয়ে অভিযোগ আনা হয়। আর ২০২৩ সালে করা অন্য মামলাটি সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসাকে লক্ষ্য করে।
আরও পড়ুন: এআই দিয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, দ্রুত প্রতিরোধের আহ্বান
দুই মামলাতেই সরকারের অভিযোগ, অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগল বেআইনিভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
২০২৪ সালে একটি আদালতের রায়ে গুগলের অনুসন্ধান ব্যবসাকে বেআইনি একচেটিয়া ব্যবসা হিসেবে উল্লেখ করা হয়। এতে অনুসন্ধানভিত্তিক বিজ্ঞাপন ব্যবসার বিষয়টিও উঠে আসে। আদালত বলেন, গুগল তার একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে অনুসন্ধান ও অনুসন্ধান বিজ্ঞাপনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
আরও পড়ুন: দু’দিন পর বিরল আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে তিন মহাদেশ থেকে
এরপর গুগলের ব্যবসা পুনর্গঠনের জন্য বেশ কিছু প্রস্তাব দেয় মার্কিন বিচার বিভাগ। এসব প্রস্তাবের মধ্যে গুগলের ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আলাদা করে দেওয়ার বিষয়ও ছিল।
তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা এসব প্রস্তাব নাকচ করেন। ফলে ক্রোম ও অ্যান্ড্রয়েড নিজেদের অধীনেই রাখার সুযোগ পায় গুগল। তবে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এমন একচেটিয়া চুক্তি করতে নিষেধ করা হয়, যার মাধ্যমে বিভিন্ন যন্ত্রে গুগলের অনুসন্ধান সেবা পূর্বনির্ধারিত অনুসন্ধান সেবা হিসেবে রাখা হয়। একই সঙ্গে প্রতিযোগীদের সঙ্গে নির্দিষ্ট কিছু অনুসন্ধান তথ্য ভাগ করার নির্দেশও দেওয়া হয়।
এবার গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা নিয়েও একই ধরনের নিয়ন্ত্রক নির্দেশনা এলো। বিচারক ব্রিংকেমা বলেছেন, গুগলকে তার বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করে দিতে হবে না। তবে প্রতিযোগীদের জন্য সুযোগ বাড়াতে ব্যবসার নিয়ম ও কার্যক্রমে পরিবর্তন আনতে হবে।
আদালতের পূর্ণ লিখিত রায় এখনো প্রকাশ করা হয়নি। আগামী ১৪ দিন রায়টি গোপন রাখা হবে। এ সময় মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো প্রয়োজনীয় গোপনীয় তথ্য বাদ দেওয়ার কাজ করবে। এরপর বিস্তারিত নির্দেশ প্রকাশ করা হবে।
গুগল আদালতের সিদ্ধান্তকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড বলেন, ছোট ব্যবসাগুলোকে নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে সহায়তা করে এমন প্রযুক্তি ভেঙে দেওয়ার সরকারের প্রস্তাব আদালত প্রত্যাখ্যান করায় তারা সন্তুষ্ট।
অনলাইন বিজ্ঞাপনের বাজার অত্যন্ত জটিল। এই বাজারে গুগলের প্রভাব তৈরির পেছনে প্রতিষ্ঠানটির জনপ্রিয় অনুসন্ধান সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মার্কিন সরকারের অভিযোগ, বিভিন্ন যন্ত্র নির্মাতার সঙ্গে একচেটিয়া চুক্তি করেছিল গুগল। এসব চুক্তির কারণে বিপুলসংখ্যক মুঠোফোনে গুগলের অনুসন্ধান সেবা পূর্বনির্ধারিত হিসেবে রাখা হতো।
এ ছাড়া মুঠোফোন অপারেটরদের সঙ্গেও আয় ভাগাভাগির চুক্তি ছিল গুগলের। এসব চুক্তির আওতায় গুগলের অনুসন্ধান সেবা পূর্বনির্ধারিত হিসেবে রাখার বিনিময়ে অপারেটররা বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের একটি অংশ পেত।
মার্কিন সরকারের দাবি, এ ধরনের চুক্তির মাধ্যমে গুগল তার অনুসন্ধান ও বিজ্ঞাপন ব্যবসার আধিপত্য আরও শক্তিশালী করেছে।





